ফ্র্যাটন পার্কে অনুষ্ঠিত ম্যাচে পোর্টসমাউথের মুখোমুখি হয়েছিল শেফিল্ড ইউনাইটেড। খেলার ৫৪ মিনিটে ২–০ গোলে পিছিয়ে পড়ার পর লড়াই করে সমতায় ফিরেছিল শেফিল্ড। তবে ম্যাচের শেষ মুহূর্তে ৮৯ মিনিটে প্রতিপক্ষের গোলে ৩–২ ব্যবধানে পরাজিত হয় তারা। পরাজয়ের পাশাপাশি দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায় বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর লাল কার্ড দেখা। ম্যাচের ৪৪ মিনিটের পর থেকেই ১০ জন খেলোয়াড় নিয়ে লড়াই করতে হয় শেফিল্ডকে।

চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে পোর্টসমাউথের উইঙ্গার রায়ান কাভুমা-ম্যাককুইনকে মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুবার ফাউল করার অপরাধে দুটি হলুদ কার্ড পান হামজা। ৪৪ মিনিটে দ্বিতীয়বার ফাউল করার পর রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান, যার ফলে মাঠ ছাড়তে হয় তাকে। তবে রেফারির এই সিদ্ধান্তের বিষয়ে তীব্র প্রশ্ন তুলেছেন শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার।

ঘটনাটি ছিল এমন যে, চেলসি থেকে ধারে পোর্টসমাউথে যোগ দেওয়া রায়ান হামজাকে নাটমেগ করার চেষ্টা করতে গিয়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। কোচ ওয়াইল্ডারের দাবি অনুযায়ী, রেফারি অলিভার ল্যাংফোর্ড প্রথমে হামজাকে জানিয়েছিলেন যে তিনি তাকে লাল কার্ড দেখাবেন না। কিন্তু মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে ওয়াইল্ডার বলেন, ‘হামজা (মাঠে) কোথায় যাবে? সে কি মিস্টার ক্লেপল (রেন্টাগোস্ট নাটকে অদৃশ্য হয়ে যাওয়া চরিত্রের মতো) যে হুট করে মিলিয়ে যাবে? মাঠজুড়েই এমন ঘটনা ঘটছে। স্যাম ম্যাককালামকে তিন-চারবার বাধা দেওয়া হয়েছে।’

রেফারির ভূমিকা নিয়ে আরও কথা বলে কোচ ওয়াইল্ডার। তিনি বলেন, ‘হামজা আসলে কোথায় যাবে, সেটাই বুঝতে পারছি না। আমাকে সতর্ক থাকতে হবে, কারণ হয়তো যা বলতে চাই, তা বলতে পারছি না। ম্যাচে শেষ মুহূর্তেও আমাদের দলের এক খেলোয়াড়কে বক্সে টেনে ধরা হয়, যেখানে পরিষ্কার দেখা গেছে, তার জার্সি প্রায় খুলে যাওয়ার উপক্রম হয়েছিল।’

প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রভাবের কথা উল্লেখ করে ওয়াইল্ডার যোগ করেন, ‘কথা হচ্ছিল যে রেফারি তাকে লাল কার্ড দেখাবেন না। দেখলাম প্রতিপক্ষের খেলোয়াড়েরা গিয়ে ভিড় করছে; সেটা গেমসম্যানশিপের অংশ হতেই পারে। তবে মনে হচ্ছে, আমাদের প্রতি কিছুটা অবিচার করা হয়েছে।’

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে ১৫তম অবস্থানে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা সোয়ানসি সিটির চেয়ে তারা ১১ পয়েন্ট পিছিয়ে আছে। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে ৩টি ম্যাচে মাঠে নেমেছেন হামজা চৌধুরী, তবে গোল পাননি তিনি।