সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ৯ দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবান্ধা ও ফুলবাড়ী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই ছুটির সময়েও দুই দেশের পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার আগের মতোই চালু থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাঠানো একটি চিঠিতে ছুটির এই বিস্তারিত সময়সূচি উল্লেখ করা হয়েছে। ওই চিঠিতে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর (শনিবার) থেকে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর পাশাপাশি ১৬ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশের সরকারি ছুটির দিন হওয়ায় বন্দরটি বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
বিষয়টি নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এবং বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসবের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে। ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ছুটির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে চিঠি পেয়েছি। ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে মোট ৯ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
অন্যদিকে, বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কেফাতুল ওয়ারেছ জানান, “বন্দর দিয়ে দূর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।”
বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও কাস্টমস-সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।