কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার পর সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে ওই এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, এতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল পরিস্থিতি মোকাবিলায় দ্রুত তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করে বিজিবি।
ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ৪৭ বিজিবি।
তবে গুলিবিদ্ধ ব্যক্তির নাম-পরিচয়, তিনি ঠিক কী পরিস্থিতিতে গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, “দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং স্থিতিশীলতা বজায় রাখতেও সীমান্তবাসীকে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।”