প্রোগ্রামিং বা কোডিংয়ের জটিলতা ছাড়াই এখন বিনামূল্যে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা সম্ভব হচ্ছে গুগল এআই স্টুডিওর মাধ্যমে। তবে এতদিন এই প্ল্যাটফর্মে তৈরি করা অ্যাপগুলো সরাসরি স্মার্টফোনে ইনস্টল করতে হলে কম্পিউটারের সাথে ইউএসবি সংযোগ স্থাপন এবং ইউএসবি ডিবাগিং চালু করার মতো বেশ কিছু কারিগরি ধাপ পার করতে হতো। ব্যবহারকারীদের এই ভোগান্তি দূর করতে গুগল প্লে-তে নতুন একটি বিশেষ সুবিধা যুক্ত করেছে গুগল। এই নতুন পদক্ষেপের ফলে গুগল এআই স্টুডিওর মাধ্যমে তৈরি করা অ্যাপগুলো এখন সরাসরি গুগল প্লের মাধ্যমেই ব্যবহারকারীর নিজস্ব ফোনে চালু করা যাবে।

গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, গুগল এআই স্টুডিওতে তৈরি ব্যক্তিগত অ্যাপগুলো এখন সরাসরি নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে চালানো যাবে। এই অ্যাপগুলো গুগল প্লের ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত থাকবে। এর ফলে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত প্লে স্টোরের তালিকা কিংবা সার্চ রেজাল্টে এই অ্যাপগুলো প্রদর্শিত হবে না। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রসহ নির্দিষ্ট কয়েকটি দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা এই বিশেষ সুবিধাটি উপভোগ করতে পারবেন। এই নতুন ফিচারের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কেবল সাধারণ ভাষায় নির্দেশনা লিখে নিজের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত অ্যাপ তৈরি করা সম্ভব হবে। এর জন্য ব্যবহারকারীর প্রয়োজন হবে শুধুমাত্র একটি সাধারণ গুগল অ্যাকাউন্ট।

গুগল জানিয়েছে, গুগল এআই স্টুডিওতে অ্যাপ তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। ব্যবহারকারীকে প্রথমে তার প্রয়োজন অনুযায়ী নির্দেশনা লিখতে হবে। “কী ধরনের অ্যাপ প্রয়োজন এবং সেটিতে কী কী সুবিধা থাকতে হবে, তা সাধারণ ভাষায় জানালেই অ্যাপ তৈরির কাজ শুরু করবে এআই।” অ্যাপ তৈরির প্রক্রিয়ায় যদি কোনো প্রয়োজনীয় ফিচার বাদ পড়ে, তবে সেটি যুক্ত করার পরামর্শও প্রদান করবে এআই। অ্যাপটি তৈরি হয়ে যাওয়ার পর ব্যবহারকারী চাইলে তা সম্পাদনা করতে পারবেন। এছাড়া প্রয়োজন হলে আগের অ্যাপটি সরিয়ে দিয়ে নতুন করে তৈরির কাজ শুরু করার সুযোগও রয়েছে।

ভবিষ্যতে তৈরি করা এই ব্যক্তিগত অ্যাপগুলো পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে শেয়ার করার সুবিধাও চালুর পরিকল্পনা করছে গুগল। পাশাপাশি, যদি কোনো অ্যাপ ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন হয়, তবে পেশাদার ডেভেলপার অ্যাকাউন্টের মাধ্যমে সেটি সবার জন্য প্রকাশ করার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে অ্যাপটিকে গুগল প্লের নিরাপত্তা যাচাই এবং মানসংক্রান্ত যাবতীয় নিয়মকানুন যথাযথভাবে পূরণ করতে হবে।