প্রতিরক্ষা খাতে প্রতি বছর শত শত কোটি ডলার ব্যয় করা সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব। দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিমানবন্দর, জ্বালানি শোধনাগার এবং পাইপলাইনগুলো হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিশানায় পড়ছে, যা রক্ষা করতে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
বিশ্লেষকদের মতে, হুতিরা অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের আক্রমণ পরিচালনা করছে। তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দূরপাল্লার ড্রোনের এক সমন্বিত আক্রমণ পদ্ধতি গ্রহণ করেছে। এই বিশেষ রণকৌশলের মাধ্যমে তারা সৌদি আরবের অত্যাধুনিক প্রতিরক্ষা বলয়কে পরাস্ত করতে সক্ষম হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের দৃষ্টিতে, হুতিদের এই আক্রমণ কৌশলটি অনেকটা রাশিয়ার ব্যবহৃত রণকৌশলের অনুরূপ, যা সৌদি আরবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।