দক্ষিণ এশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতের আঞ্চলিক স্বীকৃতি হিসেবে ‘সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (এসএটিএ) ২০২৬’ শীর্ষক সম্মাননা লাভ করেছে বাংলাদেশের ২২টি প্রতিষ্ঠান ও ব্যক্তি। বিলাসবহুল ও ব্যবসায়িক হোটেল, সমুদ্রসৈকত ও ঐতিহ্যবাহী রিসোর্ট, বুটিক হোটেল, পরিবেশবান্ধব পর্যটনপ্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, খাদ্য ও পানীয় সেবা, করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং পেশাগত নেতৃত্বের ক্ষেত্রে সফল প্রতিষ্ঠান ও ব্যক্তিরা এই পুরস্কারের তালিকায় স্থান পেয়েছেন।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গৌরবময় সাফল্যের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই পুরস্কারগুলো মূলত দেশের পর্যটনশিল্পের ক্রমবর্ধমান সম্ভাবনা, সেবার মান, উদ্ভাবনী উদ্যোগ এবং পেশাগত দক্ষতারই এক বাস্তব প্রতিফলন। উল্লেখ্য, এ বছরের প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ সমন্বয় করেছে ‘ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ (উৎসব)’।
বিস্তারিত তথ্যে জানা গেছে, সেরা প্রচারণা ক্যাম্পেইন (গোল্ড) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ক্রাউন প্লাজা, ঢাকা। শীর্ষস্থানীয় হোটেলের স্বীকৃতি পেয়েছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। অন্যদিকে, সেরা সমুদ্রসৈকত হোটেল-রিসোর্ট হিসেবে পুরস্কৃত হয়েছে সায়মন বিচ রিসোর্ট। শীর্ষস্থানীয় বুটিক হোটেল হিসেবে পুরস্কার জিতেছে দ্য ওয়ে ঢাকা এবং সেরা বাজেট হোটেল (গোল্ড) পদক জিতেছে ফারস হোটেল অ্যান্ড রিসোর্টস। শীর্ষস্থানীয় ব্যবসায়িক হোটেল হিসেবে পদক পেয়েছে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন, ঢাকা।
পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, যারা ৪০টির বেশি কক্ষ বিশিষ্ট শীর্ষ সিটি হোটেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ৪০টির কম কক্ষ বিশিষ্ট সিটি হোটেল হিসেবে পুরস্কার পেয়েছে প্ল্যাটিনাম রেসিডেন্স বাই শেলটেক এবং ডিজাইনার হোটেল-রিসোর্ট পুরস্কার জিতেছে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স।
পরিবেশবান্ধব হোটেল-রিসোর্ট হিসেবে পদক পেয়েছে এসকেএস ইন রিসোর্ট। খাদ্য ও পানীয় সেবাদানকারী হোটেল-রিসোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে দ্য পেনিনসুলা চট্টগ্রাম এবং পারিবারিক হোটেল-রিসোর্ট হিসেবে পুরস্কৃত হয়েছে মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট। এছাড়া দ্য ওয়েস্টিন ঢাকা হোটেল ফাইন ডাইনিং আউটলেট; সায়মন হেরিটেজ ঐতিহ্যবাহী হোটেল-রিসোর্ট এবং কক্সবাজারের বিলাসবহুল হোটেল-রিসোর্ট হিসেবে বেওয়াচ হোটেল পুরস্কার লাভ করেছে।
শীর্ষস্থানীয় রিসোর্ট-হোটেল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে সায়মন। ইনবাউন্ড ট্রাভেল এজেন্ট হিসেবে পুরস্কার জিতেছে বাংলাদেশ ট্যুর গ্রুপ (বিটিজি) এবং আউটবাউন্ড ট্রাভেল এজেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছে ট্রাভেল ক্ল্যাসিক (প্রাইভেট) লিমিটেড। বিবাহ অনুষ্ঠান আয়োজনকারী হোটেল-রিসোর্ট হিসেবে পদক পেয়েছে মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট ও নিশান সেনেভিরত্নে। এছাড়া বেস্ট সিএসআর প্রোগ্রামে (গোল্ড) পুরস্কার পেয়েছে দ্য পেনিনসুলা চট্টগ্রাম। দক্ষিণ এশিয়ার সেরা নতুন হোটেল-রিসোর্ট হিসেবে পদক পেয়েছে হায়াত প্লেস ঢাকা উত্তরা। ব্যক্তিগত পর্যায়ে দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজার বা বেস্ট জিএম পদক জিতেছেন প্ল্যাটিনাম গ্র্যান্ড বাই শেলটেকের আলমগীর হোসাইনি।
এই অর্জন সম্পর্কে এসএটিএর বাংলাদেশের চেয়ার এইচ এম হাকিম আলী বলেন, ‘বাংলাদেশের এই অর্জন আমাদের সমগ্র পর্যটন ও আতিথেয়তা শিল্পের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাদের হোটেল-রিসোর্ট, ট্রাভেল এজেন্সি এবং পর্যটন পেশাজীবীদের নিষ্ঠা, পেশাদারত্ব ও উৎকর্ষ অর্জনের অঙ্গীকারের প্রতিফলন। পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আরও নিবিড় সহযোগিতা, সেবার মানোন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ এবং টেকসই পর্যটনের প্রতি সম্মিলিত অঙ্গীকার বাংলাদেশের পর্যটনশিল্পের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করবে।’