নওগাঁর মহাদেবপুরে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যাওয়া এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম বিলাশ (২৬)। বুধবার (১৪ অক্টোবর) সকালে তার বাড়ির পাশে একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত বিলাশ উপজেলার চকউজাল এলাকার মনোমণ্ডলের ছেলে। তিনি পেশায় মোবাইল টেকনিশিয়ান ছিলেন এবং স্থানীয় পাহাড়পুর বাজারে মোবাইল রিপেয়ারিং ও সার্ভিসিংয়ের কাজ করতেন।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্যানুযায়ী, গত মঙ্গলবার রাতে পরিবারের বাকি সবার সাথে স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে বিলাশ তার কক্ষে ঘুমাতে যান। তবে বুধবার সকালে পরিবারের লোকজন তাকে বাড়ির পাশের আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার পরপরই মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে বিলাশ অস্বাভাবিক নীরবতা পালন করছিলেন এবং একাকী জীবনযাপন করছিলেন। আগে তিনি যেভাবে মানুষের সাথে মিশতেন, ইদানীং লোকজনের সাথে তার কথাবার্তা ও মেলামেশা অনেক কমে গিয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মুক্তকণ্ঠকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল সম্পন্ন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।”