নওগাঁর মহাদেবপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে খেলাধুলার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হামিদপুর আদিবাসীপাড়া গ্রামের কাউয়ার পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম অনিক পাহান (১২)। তিনি হামিদপুর আদিবাসীপাড়া গ্রামের বাসিন্দা মন্টু পাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে কাউয়ার পুকুরপাড়ে সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলছিল অনিক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও এর আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। এ ঘটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।"