সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সম্পর্কে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে পুলিশি হেফাজতে ছিলেন জুবায়ের আহমদ। অবশেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটে বিএনপি নেতা শওকত আলী বাবুল ও লাল মিয়ার জিম্মায় প্রায় ১০ ঘণ্টা পর তাকে ছেড়ে দেয় পুলিশ। এর আগে, মঙ্গলবার দুপুরেই বিএনপির এই দুই নেতা তাকে থানায় নিয়ে যান এবং মুক্তির প্রক্রিয়া শুরু করেন।

এই বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি জানান, “বিষয়টি নিয়ে নিজে থেকে সে অনুতপ্ত হওয়ায় তাকে আমরা দুজনের জিম্মায় ছেড়ে দিয়েছি। সেও আমাদের আশ্বস্ত করেছে সে এমন কাজ আর করবে না।”

ঘটনার সূত্রপাত হয় গত ৮ অক্টোবর রাতে। জুবায়ের আহমদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার তিনটি ছবি আপলোড করে একটি পোস্ট দিয়েছিলেন। ওই বিতর্কিত পোস্টে তিনি লিখেছিলেন, “১২ তারিখ নির্বাচনের পরে ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদয় আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।”