অস্ট্রেলিয়া সফরের শেষটা মোটেও ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্রিসবেনে আজ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য ১৬৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের সিরিজটা অস্ট্রেলিয়া জিতল ৩-০ ব্যবধানে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৯.৫ ওভারে অলআউট হয় ১৭২ রানে। এই রানের ১০৪-ই দুই ব্যাটার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের। তিনে নামা শারমিন ৯৩ বলে ৮ চারে করেন ৫০ রান। ছয়ে নেমে স্বর্ণা ৫৪ রান করেছেন ৭১ বলে। ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংস খেলা স্বর্ণার ইনিংসে চার ৪টি।
শারমিন-স্বর্ণা ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন শুধু আট ও নয়ে নামা রাবেয়া খান ও দিশা বিশ্বাস। দুজনই করেছেন ১৩ রান করে। স্বর্ণা আউট হয়ে গেলেও ওয়ানডে অভিষিক্ত দিশা অপরাজিত থাকেন।
বাংলাদেশের শুরুটা ছিল খুবই বাজে। উইকেট তো পড়ছিলই, রানও আসছিল না। অধিনায়ক নিগার সুলতানা (৩) যখন ফিরলেন বাংলাদেশের স্কোর ৯ ওভারে ১৮/৩। এরপর সোবহানা মোস্তারি দলকে ৪৫ রানে রেখে ফেরেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা আজ করেছেন ২৪ বলে ৯ রান। বাংলাদেশের প্রথম ৪ উইকেটই পেয়েছেন অস্ট্রেলীয় পেসার মেগান শুট। আজ ১০ ওভারে ১৬ রান দেওয়ার পথে ৫টি মেডেন পেয়েছেন শুট।
সেখান থেকে ৫৪ রানের জুটি গড়েন শারমিন ও স্বর্ণা। শারমিন ফেরেন দলকে ৯৯ রানে রেখে, ৪৯তম ওভারে দলীয় ১৬৫ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হন স্বর্ণা।
রান তাড়ায় ১৩ রানে প্রথম ও ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড কচুকাটা করেন বাংলাদেশের বোলারদের। নারী ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার পেরি ৬৪ বলে ৬৫ ও সাদারল্যান্ড ৫২ বলে ৭৪ রান করেন। পেরির ইনিংসে চার ৮টি, সাদারল্যান্ড মেরেছেন ১২টি।