মাত্র চার দিনের ব্যবধানে আবারও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটি ডলারের মালিকের মর্যাদা হারিয়েছেন ইলন মাস্ক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তাঁর মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। এতে ইলন মাস্কের সম্পদের পরিমাণ এক ধাক্কায় প্রায় ৩ হাজার ৬৩০ কোটি ডলার কমে যায়। খবর ফোর্বস ম্যাগাজিন।

ফোর্বসের হিসাব অনুযায়ী, আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৪৫ মিনিটে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ৯৭ হাজার ৪ কোটি ডলার। স্পেসএক্সের শেয়ারের দরপতনের সঙ্গে তাঁর সম্পদও প্রায় ২ দশমিক ৮ শতাংশ কমে যায়। আজ বুধবার এখনো নিউইয়র্কের শেয়ারবাজারে মূল লেনদেন শুরু হয়নি। প্রাক্‌–লেনদেন চলছে এখন। এই পর্বেও শেয়ারের দাম ওঠানামা করে।

ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার শেয়ারের দামও কমে গেছে। মাস্কের সম্পদের বড় অংশই স্পেসএক্স ও টেসলায় তাঁর মালিকানাধীন শেয়ারের ওপর নির্ভরশীল। তিনি প্রতিষ্ঠান দুটিরই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। গত আগস্টে নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, স্পেসএক্সে মাস্কের মালিকানা ৪৮ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে টেসলায় তাঁর অংশীদারত্ব প্রায় ১১ শতাংশ।

চার দিনের ব্যবধানে সম্পদের উত্থান-পতন

গত জুনে স্পেসএক্সর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হন ইলন মাস্ক। তবে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দামে ধস নামলে তিনি সেই মর্যাদা হারান। এরপর কয়েক মাস ধরে তাঁর সম্পদের পরিমাণ এক লাখ কোটি ডলারের আশপাশে ওঠানামা করছে।

গত সপ্তাহের শেষ দিকে টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে চার দিন আগে আবার ট্রিলিয়নিয়ারের মর্যাদা ফিরে পান তিনি। কিন্তু মঙ্গলবারের দরপতনে সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি।

প্রযুক্তি খাতে দরপতনের প্রভাব

মঙ্গলবার স্পেসএক্সের শেয়ারের দরপতনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও বড় ধরনের বিক্রির চাপ দেখা যায়। এশিয়ার বাজারে শুরু হওয়া এই দরপতনে দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স ও স্যামসাং এবং তাইওয়ানের টিএসএমসির শেয়ারের দাম বেশি কমে যায়।

নিউইয়র্কের বাজারে এনভিডিয়া, ব্রডকম ও ইন্টেলের শেয়ারের দামও কিছুটা কমে যায়। একই সময়ে দেশটির প্রধান তিনটি শেয়ারসূচক ডাও জোন্স, এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক যথাক্রমে শূন্য দশমিক ৩, শূন্য দশমিক ১ ও শূন্য দশমিক ১ শতাংশ কমে যায়।

প্রযুক্তি খাতের এই দরপতনের প্রভাব পড়ে জাপানের প্রযুক্তি বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংকের ওপর। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাসায়োশি সনের সম্পদ কমে যায় প্রায় ৫৫০ কোটি ডলার। মঙ্গলবারের হিসাবে সম্পদ হারানোর দিক থেকে তিনি ছিলেন দ্বিতীয় অবস্থানে।