দেশের বাজারে প্রচলিত সয়াবিন তেলের বিশুদ্ধতা নিয়ে আশ্বস্ত করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর দাবি অনুযায়ী, বাজারে থাকা সয়াবিন তেল সম্পূর্ণ বিশুদ্ধ এবং এতে কোনো ধরনের ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর অফিসার্স ক্লাবে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সয়াবিন তেলে ভারী ধাতু থাকার বিষয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর কর্তৃপক্ষ সতর্ক পদক্ষেপ নেয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১৯৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে সব নমুনাই বিশুদ্ধ পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।

এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘উন্নত বিশ্বের অভিন্ন লক্ষ্য: সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি’।

অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “দেশের খাদ্য-সংশ্লিষ্ট খাতগুলোতে খাদ্যের বিশুদ্ধতা নিশ্চিত করতে সরকার কাজ করবে। কিছুদিন আগে একটি সংবাদমাধ্যমে সয়াবিন তেলে ভারী ধাতু থাকার বিষয়ে খবর প্রকাশিত হয়। এরপর বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনো নমুনায় ভারী ধাতু পাওয়া যায়নি।”

অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যের বিষয়ে কথা বলে মন্ত্রী জানান, এ বিষয়ে যেসব তথ্য প্রকাশিত হয়েছে তা মূলত অপপ্রচার। বিভিন্ন নেতিবাচক খবরের ভিড়ে এই বিষয়ে একটি ইতিবাচক তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, সবার সহযোগিতায় বিএসটিআইয়ের কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে। আগামী বিশ্ব মান দিবসের আগেই আরও ইতিবাচক অগ্রগতি তুলে ধরতে সংশ্লিষ্ট সবার দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বিএসটিআইয়ের মো. সাইদুল ইসলাম (মান)।