রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার ঘটনায় নোয়াখালীর বাঁধেরহাট আবদুল মালেক ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে বহিষ্কার করা হয়েছে।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) নোয়াখালী জেলা ছাত্রদল এক সিদ্ধান্ত গ্রহণ করে তাকে সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করার কথা জানায়।

প্রাপ্ত তথ্যানুসারে, গত রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে মারুফ ফেসবুকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে একটি পোস্ট প্রকাশ করেন। এই ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করে জেলা ছাত্রদল।

তবে বহিষ্কারের পর হাসিবুল ইসলাম মারুফ দমে যাননি। তিনি পুনরায় ফেসবুকে একটি পোস্ট দিয়ে জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ হিসেবে আখ্যায়িত করেন। তার এই বিতর্কিত মন্তব্যের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এই পুরো বিষয়টি নিয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল মুক্তকণ্ঠকে বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় মারুফকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়ার এক ঘণ্টার মধ্যে ফেসবুকে ছাত্রদলকে নিয়ে অশালীন মন্তব্য করায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।”

অন্যদিকে, বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাসিবুল ইসলাম মারুফ বলেন, “ছাত্রদল একটি দালাল সংগঠন। এই সংগঠন আমাকে বহিষ্কার করলেও কী, না করলেও কী! আমি নিজেই এ সংগঠনে থাকতে চাই না।”