নেত্রকোণার মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল বারী আকন্দ হিরাকে ছল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে মদন থানার সওদাগর পাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি জেলা ছাত্রদলের নেতারা অবগত হলে মঙ্গলবার বিকেলে ওই ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সওদাগর পাড়া বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কুলিয়াটি পশ্চিমপাড়া (বর্তমান মদন বাজার) এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। আটক অন্য তিনজন হলেন মদন দক্ষিণপাড়া এলাকার শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম মুক্তকণ্ঠকে বলেন, মাদক সেবনরত অবস্থায় বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।