‘কত যে ধীরে বহে মেঘনা/ শান্ত তবু সুপ্ত সে নয়।’ হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী এই গানের কথাগুলো খুব সহজেই মনে পড়ে যায় যখন কেউ ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণে’ দাঁড়িয়ে মেঘনা নদীর দিগন্ত বিস্তৃত রূপের দিকে তাকান। নদীর শান্ত ও গভীর রূপের সাথে উদ্দাম বাতাসের স্পর্শ মনকে প্রশান্তি দেয়। মূলত এই ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ একটি সুন্দর পার্ক হিসেবে গড়ে তোলা হয়েছে। ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্রতীরের জনপ্রিয় ‘শিল্পাচার্য জয়নুল উদ্যানের’ মতোই এই ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণেও’ নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রচুর দর্শনার্থী ভিড় করেন। তবে এই স্থানে ভ্রমণের একটি বিশেষ আকর্ষণ হলো স্থানীয় খাবারের স্বাদ; এখানে এলে দর্শনার্থীরা বাড়তি পাওনা হিসেবে উপভোগ করতে পারেন মেঘনার তাজা ইলিশের অতুলনীয় স্বাদ।