ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুলতানা রাজিয়া (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর মধ্য দিয়ে ওই হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। বর্তমানে সেখানে ডেঙ্গু আক্রান্ত আরও ১১৫ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৮ জন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। জানা গেছে, মৃত সুলতানা রাজিয়া ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বদিয়া গ্রামের বাসিন্দা হাসিম উদ্দিনের স্ত্রী।
ঘটনার বিস্তারিত জানিয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, “গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন সুলতানা রাজিয়া। ডেঙ্গু শক সিনড্রোমের কারণে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।”
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে ভর্তি থাকা ১১৫ জন রোগীর মধ্যে পুরুষ ৭৪ জন, নারী ৩৩ জন এবং শিশু ৮ জন। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
চলতি বছরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই হাসপাতালে মোট ৩ হাজার ৭৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যুর হিসাব পাওয়া গেছে, যার মধ্যে ফেব্রুয়ারিতে ১ জন, জুনে ৩ জন, জুলাইয়ে ২ জন, আগস্টে ৪ জন, সেপ্টেম্বরে ১৩ জন এবং অক্টোবর মাসের ১৪ তারিখ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, “সব রোগীদের সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে ডেঙ্গু মোকাবিলায় সবাইকেই সচেতন থাকতে হবে।”