ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মো. আরিফ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর মধ্য দিয়ে ওই হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ১১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) ভোরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ময়মনসিংহ সদরে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন আরিফ। তাকে যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছিল। তবে ব্রঙ্কিয়েকটেসিসসহ ডেঙ্গু এবং টাইপ-২ শ্বাসযন্ত্রের ব্যর্থতায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ১১৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬৯ জন পুরুষ, ৩৯ জন নারী এবং ১১ জন শিশু। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে সুস্থ হয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৩ হাজার ২৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মোট ২৬ জনের মৃত্যুর মধ্যে ফেব্রুয়ারিতে একজন, জুনে তিনজন, জুলাইয়ে দুইজন, আগস্টে চারজন, সেপ্টেম্বরে ১৩ জন এবং অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, “সব রোগীকে সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে।”