শিক্ষার্থীদের রাতের পড়াশোনায় মনোযোগী করা এবং মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে সচেতনতামূলক কর্মসূচি জোরদার করার কথা বলেছে শিক্ষানীতি বাস্তবায়নকারী এই সরকারি প্রতিষ্ঠানটি।

এই কার্যক্রমগুলোর বর্তমান অবস্থা এবং অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে নির্দেশনা পাঠিয়েছে মাউশি। মঙ্গলবার (১৩ অক্টোবর) অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়। উক্ত চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, ছাত্র-ছাত্রীরা যেন রাতে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়, সেই লক্ষ্যে গৃহীত সচেতনতামূলক পদক্ষেপগুলোর তথ্য পাঠাতে হবে।

মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, “শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২৩ আগস্ট তারিখের মাসিক সমন্বয় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টি ও থিম সং প্রদর্শন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা; শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ইভটিজিং প্রতিরোধ ও ‘র‌্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করার লক্ষ্যে সচেতনতা বাড়াতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।”

সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে মাউশি জানিয়েছে, “আপনার অঞ্চলের আওতাধীন জেলা ও উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের এসব সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলে ( [email protected] ) পাঠাতে অনুরোধ করা হলো।”