সাভারে দুই চীনা নাগরিকের মধ্যকার ব্যক্তিগত বিরোধের খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন সেখানে একটি গোপন মদের কারখানার সন্ধান পায় তারা। অভিযান চলাকালীন একটি ফ্ল্যাট থেকে ২০২ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে। এই ঘটনায় এক চীনা নাগরিকসহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকায় অবস্থিত গ্রিন টাওয়ারের চতুর্থতলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। তল্লাশির সময় সেখান থেকে লি ডাম্পে (৫৩) নামের এক চীনা নাগরিক এবং চম্পা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, সোমবার রাতে ওই ফ্ল্যাটে এক চীনা নাগরিক ও এক নারীর মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়। ফ্ল্যাটে প্রবেশের পরপরই তীব্র ঝাঁজালো গন্ধ পেয়ে পুলিশের সন্দেহ হয়। এরপর পুরো ফ্ল্যাটে বিস্তারিত তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বাথরুমের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রাখা ১৩টি বালতি এবং কয়েকটি বোতল থেকে প্রায় ২০২ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদুল ইসলাম বলেন, “দুই চীনা নাগরিকের মধ্যকার বিরোধের সূত্র ধরেই গোপন মদের কারখানার সন্ধান পাওয়া যায়। এ ছাড়া গ্রেপ্তার হওয়া চীনা নাগরিকের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।”

তিনি আরও জানান, “এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।”