সিলেটের ওসমানীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলা নিয়ে খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধ তৈরি হয়। উত্তেজনা প্রশমিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে সালিশের সিদ্ধান্ত মেনে নিতে রাজি না হওয়ায় একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দফায় দফায় চলা এই সংঘর্ষে দুই গ্রামের কয়েকশ মানুষ অংশ নেন। রাতের অন্ধকারে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে এই সংঘাত চালানো হয়। সংঘর্ষে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল ব্যবহার করা হয় বলে জানা গেছে। এই ঘটনার ফলে বেশ কিছু সময় সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, “তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে আমি নিজেও আহত হয়েছি। তবে আমরা তাদেরকে নিভৃত করতে সক্ষম হয়েছি। রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”