দেশের আবাসন খাতে দীর্ঘ চার দশক ধরে সততা, বিশ্বস্ততা ও নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)।

১৯৮৩ সালে অভিজ্ঞ প্রকৌশলী মো. আবদুল আউয়ালের হাত ধরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ প্রকৌশলীদের নিবিড় তদারকি এবং সেবার নিখুঁত মান বজায় রেখে দেশের আবাসনশিল্পে এসইএল এক সুদৃঢ় ও নির্ভরযোগ্য অবস্থান তৈরি করেছে।

সুদীর্ঘ এই বাণিজ্যিক পথচলায় এসইএল এ পর্যন্ত সফলভাবে ২৭৬টি আবাসন ও বাণিজ্যিক প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে।

বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রতিষ্ঠানটির ৫১টি চলমান প্রকল্প রয়েছে। এর মধ্যে ঢাকার বসুন্ধরায় ৬টি, ধানমন্ডি ও মোহাম্মদপুরে ৫টি করে, উত্তরায় ৪টি, মালিবাগ ও মগবাজার এলাকায় ৪টি, ইস্কাটনে ৩টি, জলসিঁড়িতে ১৪টি এবং মহাখালী, গ্রিন রোড, হাতিরপুল ও গেন্ডারিয়া এলাকায় ১টি করে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ঢাকার বাইরে সাভারে ১টি এবং কুমিল্লায় ৫টি প্রকল্প রয়েছে।

এ ছাড়া বাণিজ্যিক চাহিদা পূরণে রয়েছে ৫টি উন্নত বাণিজ্যিক প্রকল্প। আধুনিক স্থাপত্যের আইকনিক প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘কর্ণফুলী (মে ২০২৪) এবং বাস্তবায়নাধীন ‘সুফী স্কয়ার’ (অক্টোবর ২০২৬)। নানামুখী সেবা ও সব প্রকল্প যথাসময়ে বাস্তবায়নে ক্রেতাদের কাছে বিশ্বস্ত বলে দাবি করেছে এই প্রতিষ্ঠান।

নিরাপদ নির্মাণশৈলী ও আধুনিক আবাসন ভাবনা নিয়ে এসইএলের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মদ আবদুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, ‘এসইএলের দীর্ঘ সফলতার মূল চাবিকাঠি হলো গুণগত মান অক্ষুণ্ন রাখা এবং সঠিক সময়ে প্রতিশ্রুতি রক্ষা করা। বিশেষ করে বহুতল ভবনের সুরক্ষা, কাঠামোগত ডিজাইন ও ভূমিকম্প–সহনশীলতার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই।’

মোহাম্মদ আবদুর রহমান বলেন, ‘স্থাপত্যের বৈচিত্র্য বা নান্দনিকতার চেয়েও ভবনের স্থায়িত্ব ও বাসিন্দাদের জীবনের সুরক্ষাই আমাদের কাছে আগে অগ্রাধিকার পায়। কোনো কারণে নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর না হলে গ্রাহকের ওপর যে আর্থিক ও মানসিক চাপ পড়ে, তা বিবেচনায় রেখে আমরা সময়মতো প্রকল্প হস্তান্তর করে থাকি।’

মোহাম্মদ আবদুর রহমান আরও বলেন, নগরায়ণের ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় এসইএল আন্তর্জাতিক মানের টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করছে। বৃষ্টির পানি শোষণ নিশ্চিত করতে খোলা মাটি রাখা, পয়োবর্জ্য শোধনাগার (এসটিপি) বসানো এবং আলো-বাতাসের সর্বোত্তম ব্যবহারে বিদ্যুৎ–সাশ্রয়ী নকশা করা হচ্ছে।

আন্তর্জাতিক ‘এজ’ গ্রিন বিল্ডিং সনদ অর্জন এবং নতুন প্রজন্মের জীবনযাত্রার চাহিদা অনুযায়ী আধুনিক পরিপূর্ণ সুবিধার ফ্ল্যাট তৈরিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে এসইএল। যাতে ক্রেতাদের চুক্তি অনুযায়ী নির্ধারিত দামেই প্রাপ্য সুবিধা নিশ্চিত করা যায়।