দেশের জ্বালানি সংকট নিরসন এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও এই খাতের প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে মন্ত্রিসভা। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থের আমদানি রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এই তথ্যের কথা জানা গেছে।

বৈঠক সূত্রে আরও জানা গেছে যে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়েও কার্যকরভাবে নিশ্চিত করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সে জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।