দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশের বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।