দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে থাকার কষ্ট কাটিয়ে অবশেষে হুইলচেয়ারে বসার সুযোগ পেয়েছেন ৭০ বছরের অধিক বয়সী সাহা বানু। এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে তিনি শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে ‘মা’ বলে সম্বোধন করেন এবং তাঁর জন্য দোয়া করেন।
গত সোমবার (১২ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক গণশুনানি অনুষ্ঠানে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়। এই কর্মসূচির আওতায় মোট ১৩টি হুইলচেয়ার এবং একটি ট্রাইসাইকেল বিতরণ করা হয়।
হুইলচেয়ারটি হাতে পেয়ে সাহা বানু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেন, “এইটা আমার মা। এই মায়ের জন্য আমি ম্যালা দিন বিছানায় পইরা থাহার পর একটু কোমরডা সোজা কইরা বহার ব্যবস্থা হইল। আল্লাহ আমার মাডারে বাঁচাইয়া রাখুক। যেন আমার মতো অসহায় মানুষের জন্য এমন ব্যবস্থা করতে পারেন।”
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তাদের ব্যক্তিগত ও সামাজিক সমস্যাগুলো নিয়ে হাজির হন। জেলা প্রশাসন সেই সমস্যাগুলো সমাধানে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় ১৪ জন অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিতরণ করা মোট ১৩টি হুইলচেয়ারের মধ্যে ১০টি প্রদান করেছেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া। বাকি তিনটি হুইলচেয়ার জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে এবং ট্রাইসাইকেলটি জেলা সমাজসেবা তহবিল থেকে সংগ্রহ করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, মহিলা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, বিএনপি নেতা সাইফুল ইসলাম, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া সহ আরও অনেকে।