ফরাসি তারকা মাইকেল ওলিসেকে দলে ধরে রাখতে তার বর্তমান বেতনের অঙ্ক প্রায় দ্বিগুণ করতে প্রস্তুত হয়ে উঠেছে বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদসহ ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর প্রবল আগ্রহের মুখে দারুণ ফর্মে থাকা এই ফুটবলারকে হারাতে নারাজ জার্মান চ্যাম্পিয়নরা।

তবে বিপুল পরিমাণ বেতন প্রস্তাবের পরেও ওলিসের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বায়ার্ন। কারণ নতুন চুক্তিতে ক্লাব ছাড়ার একটি বিশেষ শর্ত যুক্ত করতে চান ওলিসে, যা নিয়ে দুই পক্ষের মধ্যে জটিলতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের একটি প্রতিবেদন অনুযায়ী, ওলিসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। তবে ইউরোপের বড় ক্লাবগুলোর পক্ষ থেকে আগ্রহ জানানোয় আগেভাগেই তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী বায়ার্ন। এই লক্ষ্য অর্জনে তাকে দলের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলারে পরিণত করার পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ।

বর্তমানে বছরে প্রায় ১ কোটি ৪০ লাখ ইউরো আয় করেন ওলিসে। এএসের তথ্যমতে, নতুন চুক্তিতে এই অঙ্কের পরিমাণ আড়াই কোটি ইউরোর বেশি হতে পারে। যদি তা কার্যকর হয়, তবে হ্যারি কেইন ও জামাল মুসিয়ালাকেও ছাড়িয়ে বায়ার্নের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হয়ে উঠবেন ২৪ বছর বয়সী এই ফরাসি তারকা।

তবে বেতনের চেয়েও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে চুক্তির একটি বিশেষ শর্ত। এএসের দাবি, নতুন চুক্তিতে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্লাব ছাড়ার সুযোগ বা রিলিজ ক্লজ রাখতে চান ওলিসে। এর ফলে ভবিষ্যতে কোনো ক্লাব নির্ধারিত অর্থ পরিশোধ করতে রাজি হলে, চুক্তির মেয়াদ বাকি থাকলেও দলবদলের পথ খুলে যেতে পারে তার সামনে।

স্প্যানিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বায়ার্ন সেই শর্তের অঙ্ক ২০ কোটি ইউরো নির্ধারণ করতে চায়। অন্যদিকে, ওলিসে এবং তার প্রতিনিধিরা এই অঙ্কের পরিমাণ আরও কম রাখার দাবি জানাচ্ছেন।

বায়ার্নের ক্রীড়িবিষয়ক পরিচালক ম্যাক্স এবার্ল নিজেই এই বিষয়ে আলোকপাত করেছেন। গত শনিবার আউগসবুর্গের বিপক্ষে ম্যাচের আগে সম্প্রচারমাধ্যম ডিএজেডএনকে তিনি বলেন, “আমাদের ইচ্ছা স্পষ্ট। আমরা মাইকেলের সঙ্গে দীর্ঘদিন কাজ করতে চাই। সম্ভব হলে চুক্তি বাড়িয়ে ২০২৯ সালের পরও। সে বিশ্বমানের ফুটবলার, এখনো নিজের সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি।”

তবে চুক্তি নবায়ন নিয়ে বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে এবার্ল বলেন, “সত্যি বলতে, এখনো কোনো আলোচনাই হয়নি। আমাদের চারপাশে যেসব আলোচনা চলছে, বাস্তবে সেসবের কিছুই ঘটেনি।”

ওলিসেকে ধরে রাখার তীব্র ইচ্ছা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত যে শুধু বায়ার্নের হাতে নেই, সেটিও স্বীকার করেছেন এবার্ল। তার কথায়, “আমরা সেটাই চাই। তবে এখানে আরও একটি পক্ষ রয়েছে।”

উল্লেখ্য, ২০২৪ সালে ক্রিস্টাল প্যালেস থেকে প্রায় ৫ কোটি ৩০ লাখ ইউরো ব্যয়ে ওলিসেকে দলে নিয়েছিল বায়ার্ন। ইংলিশ ক্লাবটিতে তার চুক্তিতে নির্দিষ্ট অর্থের বিনিময়ে দল ছাড়ার সুযোগ ছিল, আর সেই শর্তের সুবিধাই কাজে লাগিয়ে তাকে কিনে নেয় জার্মান ক্লাবটি।

বায়ার্নে যোগ দেওয়ার পর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইউরোপের অন্যতম আলোচিত ফুটবলারে পরিণত হয়েছেন ওলিসে। গত মৌসুমে বায়ার্নের হয়ে ৫২টি ম্যাচে সরাসরি ৫৩টি গোলে অবদান রেখেছিলেন তিনি।