মালয়েশিয়ায় আয়োজিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে গৌরবজনক প্রথম স্থান অর্জন করে দেশে ফিরেছেন হাফেজ ইহতিশামুল হক হীরা। ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর এই মেধাবী শিক্ষার্থী ৯৭ নম্বর পেয়ে প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেন।
সোমবার (১২ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর একটি ছাদখোলা মাইক্রোবাসে করে তাকে সংবর্ধনা দেওয়া হয়, যেখানে উপস্থিত অনেকে তার এই অনন্য সাফল্যে আনন্দ প্রকাশ করেন।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ ইহতিশামুল হক নগদ ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত, একটি সম্মাননা ট্রফি এবং তিন হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার পুরস্কার হিসেবে পেয়েছেন। এছাড়া তিনি পাঁচ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ লাভ করেছেন।
তার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, ‘আমাদের এ খুদে হাফেজ, বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর কৃতী ছাত্র হাফেজ এহতেশামুল হক হীরার মাধ্যমে আমার প্রিয় মাতৃভূমিকে সারা পৃথিবীর সামনে উপস্থাপন করতে পেরেছি। লাল-সবুজের পতাকাকে উড্ডীন করতে পেরেছি। আমি বাংলাদেশ সরকারের, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি আরও উল্লেখ করেন যে, তাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতিপূর্বে সৌদি আরব, দুবাই, ইরান, কুয়েত ও তুরস্কের মতো দেশগুলোতে সফল হয়েছেন এবং সর্বশেষ মালয়েশিয়ায় তারা বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন। মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, ‘আমাদের এ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ইতোমধ্যেই সৌদি আরব, দুবাই, ইরান, কুয়েত, তুরস্ক এবং সর্বশেষ মালয়েশিয়ায় আমরা সারা পৃথিবীতে প্রথম হতে পেরেছি।’
খেলাধুলার পাশাপাশি কোরআন তিলাওয়াত ও হিফজের মাধ্যমেও বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচিত করতে পারা এবং এই ধরনের গুণী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো রাষ্ট্রের জন্য একটি বড় অর্জন বলে তিনি মনে করেন।