দেশব্যাপী ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে পাঁচজন শীর্ষ ডিস্ট্রিবিউটর বা পরিবেশককে সম্মাননা প্রদান করেছে রিমার্ক এইচবি লিমিটেড।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি, যেখানে এই পাঁচ পরিবেশকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। রিমার্কের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে এই পরিবেশকদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটিকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হয় বলে জানানো হয়েছে।
সম্মাননাপ্রাপ্ত সেরা পাঁচ পরিবেশক হলেন— খুলনার মুনতাহা করপোরেশনের কে এম রাকিবুল হাসান, সিরাজগঞ্জের মেসার্স শরিফ স্টোরের মো. শফিকুল ইসলাম, ঢাকার বাড্ডার সাবিহা ট্রেডিংয়ের মাহফুজ হোসেন, কেরানীগঞ্জের জয় এন্টারপ্রাইজের মো. মোতালেব হোসেন এবং ঢাকার কামরাঙ্গীরচরের জিসান এন্টারপ্রাইজের হাসানুর রহমান।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এছাড়া প্রতিষ্ঠানের পরিচালক কে এম সাদমান সাঈদ, ফারিহা আলম, কামাল হোসেনসহ রিমার্কের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এই অনুষ্ঠানে অংশ নেন।
সম্মাননাপ্রাপ্ত পরিবেশকদের অভিনন্দন জানিয়ে কেয়া পায়েল বলেন, ‘একটি ব্র্যান্ডের সাফল্য শুধু ভালো পণ্য বা প্রচারে নয়, সেই পণ্যকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মানুষগুলোর পরিশ্রমেও নিহিত। ডিস্ট্রিবিউটররা সে কাজটিই করেন। তাঁদের অবদানকে স্বীকৃতি দিয়ে রিমার্ক যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।’
উল্লেখ্য যে, কেবল ডিস্ট্রিবিউটরদেরই নয়, বরং খুচরা বিক্রেতা এবং বিক্রয়কর্মীসহ ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন স্তরে যুক্ত সকল অংশীজনের অবদানকে বিভিন্ন সময়ে সম্মাননা ও পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দিয়ে আসছে রিমার্ক এইচবি লিমিটেড।