সৌদি আরবের রাজধানীর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় আরও একটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে মোট ফ্লাইট বাতিল হয়েছে আটটি। এতে ভোগান্তিতে পড়েছেন ২ হাজার ৯৫১ প্রবাসী যাত্রী।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানিয়েছেন।
সাকিব জানান, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার কারণে এখন পর্যন্ত (আজ সন্ধ্যা) আটটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২ হাজার ৯৫১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বাতিল ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি ও রিয়াদ এয়ারওয়েজ ২টি ফ্লাইটি রয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর থেকে রিয়াদে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছেন শহিদুল ইসলাল। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘বিমানবন্দর আসার পর কর্তৃপক্ষ বলছে ফ্লাইট বন্ধ। কখন ফ্লাইট চালু হবে, ওই রকম কিছু এখন পর্যন্ত কেউ বলেনি।’
ঢাকার নবাবগঞ্জের সৌদি প্রবাসী ইসলাম শিকদার। রিয়াদে তিনি আট বছর ধরে একটি কোম্পানিতে চাকরি করেন। ইসলাম শিকদার মুক্তকণ্ঠকে বলেন, ‘শনিবার (১০ অক্টোবর) আমার রিয়াদের ফ্লাইট ছিল। বিমানবন্দরে এসে জানতে পারি ফ্লাইট বাতিল হয়ে গেছে। বিমানবন্দরের ভেতরে যোগাযোগ করার পর তারাই শিডিউল পরিবর্তন করে দিয়েছেন।’
শুধু শহিদুল ইসলাম ও ইসলাম শিকদারই নন, তাদের মতো এমন বিড়ম্বনায় পড়েন বহু প্রবাসী।