শ্রেণিকক্ষে শিক্ষকদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা এবং ভিন্নমত প্রকাশের কারণে তাঁদের হেনস্তার তীব্র প্রতিবাদ জানিয়ে এক অনন্য কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। আজ রোববার (১১ অক্টোবর) ক্লাসরুমে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব প্রতিবাদ জানান তিনি।
প্রতিবাদের এই ঘটনার কথা পরবর্তীতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিস্তারিত জানান অধ্যাপক সামিনা লুৎফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, “শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা নস্যাৎ করার পরিকল্পিত চক্রান্ত শিক্ষার্থী-শিক্ষকের সম্পর্কের আস্থা নষ্ট করছে।” তিনি আরও উল্লেখ করেন যে, ভিন্নমত প্রকাশ কিংবা কথা বলার কারণে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাঁদের প্রতি সংহতি জানাতেই তিনি ব্যক্তিগতভাবে এই নীরব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।
অধ্যাপক সামিনা লুৎফা তাঁর পোস্টে আরও বিস্তারিত জানান, ক্লাসে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে একটি ‘কোড অব কন্ডাক্ট’ বা আচরণবিধি নির্ধারণ করেছেন। অনুমতি ছাড়া শ্রেণিকক্ষে কী করা যাবে, কী করা যাবে না এবং মতবিরোধ তৈরি হলে তা কীভাবে নিরসন করা হবে, সেসব বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন তিনি। এই আলোচনার পর পাঁচ মিনিট মুখে কালো কাপড় বেঁধে নীরব হয়ে বসে থাকেন তিনি।
পোস্টের শেষ অংশে অধ্যাপক সামিনা লুৎফা সবার প্রতি ‘রিক্লেইম ক্লাসরুম’ বা শ্রেণিকক্ষের অধিকার ফিরে পাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য যে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের স্বাধীনতা ও শ্রেণিকক্ষের পরিবেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর আগে ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীর সঙ্গে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের আলোচনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর বিভাগের এক জরুরি সভায় ওই শিক্ষককে ক্লাস নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তাঁর দায়িত্বপ্রাপ্ত কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়।