মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ কেফায়েত উল্লাহ (৩০) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় একটি নির্মাণাধীন টোল প্লাজার নতুন অফিসের দক্ষিণ-পূর্ব পাশে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক যুবক কেফায়েত উল্লাহ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পুরান পল্লানপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সেলিম।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের বিশেষ নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে কেফায়েত উল্লাহর কাছ থেকে মোট দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

পাশাপাশি মুন্সীগঞ্জ জেলা পুলিশ আরও জানিয়েছে যে, জেলার অভ্যন্তরে চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদকদ্রব্যবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হয়েছে। অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।