নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাতপরিচয় কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তর ভূইঁগড় এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লার ভাগারের নিকট একটি বস্তার ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, নিহত কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কিশোরীকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে ওই স্থানে ফেলে গেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”