নারায়ণগঞ্জে ফতুল্লা ও কাঁচপুরে বিস্ফোরণের ঘটনার পর দেওভোগে গ্যাস লিকেজে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) ভোরে নগরীর দেওভোগ আখরার মোড় জিউস পুকুরপাড় এলাকায় একটি বাড়ির রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-পুরুষসহ তিনজন দগ্ধ হন।

দগ্ধরা হলেন- শিখা রানী, মনা আচার্য ও মনার মা। তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিদর্শক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বাড়ির রান্নাঘরে গ্যাস জমে গিয়ে আগুনের সংস্পর্শে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

রাত থেকে সকাল পর্যন্ত নারায়ণগঞ্জের পৃথক তিন এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন এবং গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মোট ৯ জন দগ্ধ হয়েছেন। তিনটি ঘটনায় দগ্ধ সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।