ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু ইন্তেকাল করেছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন আমির খসরু। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত এক সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
পেশাগত জীবনে আমির খসরু দৈনিক ইত্তেফাক-এর কূটনৈতিক সাংবাদিক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সংবাদ, দৈনিক খবর এবং চ্যানেল আইসহ দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে কাজ করেছেন। পাশাপাশি তিনি 'আজকের বুধবার' নামক একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন।
সাংবাদিকদের সংগঠনের সাথেও তাঁর নিবিড় সম্পৃক্ততা ছিল। তিনি ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের (ওকাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার লালমাটিয়া মসজিদে, জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ও রিপোর্টার্স ইউনিটিতে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরুদেহটি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।