কক্সবাজার থেকে ৭৫ জন যাত্রী নিয়ে ঢাকার পথে রওনা হওয়া বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। উড্ডয়নের প্রায় আধা ঘণ্টা পর উড়োজাহাজটির পেছনের একটি চাকায় সমস্যা দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় ঢাকার আকাশে বেশ কয়েকবার চক্কর দেওয়ার পর বিমানটি বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে। বড় ধরনের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর শেষ পর্যন্ত উড়োজাহাজটি নিরাপদে বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হয়।
আজ শনিবার বিকেলে এই ঘটনাটি ঘটে। বাংলাদেশ বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি এই যান্ত্রিক সমস্যায় পড়েছিল। জানা গেছে, বিমানটির সব যাত্রী এবং ক্রু সদস্যরা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। আজ বেলা ১টা ৩৫ মিনিটে ৭৫ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।
এই বিষয়ে জানতে চাওয়া হলে কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তজা হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “বাংলাদেশ বিমানের উড়োজাহাজটিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়ন নিয়ে সমস্যায় পড়তে হয়নি। পেছনের চাকার সমস্যা নিয়ে যা হয়েছে, তা ঢাকার আকাশে হয়েছে। যদিও শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করেছে বিমানটি।”
বিমান সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, কক্সবাজার থেকে উড্ডয়নের অন্তত ৩০ মিনিট পর উড়োজাহাজটির পেছনের একটি চাকায় ত্রুটি ধরা পড়ে। বিষয়টি বুঝতে পেরে বিমানের পাইলট দ্রুত ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান। এরপর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের ঘোষণা দেওয়া হয়। এই সময়ে উড়োজাহাজের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
পরিস্থিতি সামাল দিতে ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঢাকা টাওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত রানওয়েতে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ স্থগিত ছিল। বিকেল ৩টা ১০ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে জরুরি অবতরণ করার পর যাত্রীদের নামানো হয়। উড়োজাহাজের ক্রুরাও সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।
প্রায় আধঘণ্টা রানওয়ে বন্ধ থাকার ফলে ওই সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য ফ্লাইটের ওঠানামায় সাময়িক বিঘ্ন ঘটে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় বিমান চলাচল শুরু হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “অনিবার্য পরিচালনগত ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়। তবে সব যাত্রী ও উড়োজাহাজের ক্রু সদস্য নিরাপদে পৌঁছেছেন। ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।” একই সঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি যাত্রীদের নিরাপত্তা ও পরিচালনগত মান বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।