লালমনিরহাটে বাজারে যাওয়ার পথে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে দুই নারী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন ফজিলা বেগম ও জহিলা বেগম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিছু সময় সড়কে যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।