গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর বর্তমানে ভারতের একটি বেসরকারি চিড়িয়াখানায় অবস্থান করছে বলে অভিযোগ উঠেছে। এই গুরুতর বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি আশ্বস্ত করেছেন যে, তদন্ত শেষ হওয়ার পর এই ঘটনায় যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল শুক্রবার দুপুরে দাপ্তরিক সফরের অংশ হিসেবে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন করেন মন্ত্রী। বেলা দুইটার দিকে তাঁর পরিদর্শন কার্যক্রম শুরু হয় এবং সাড়ে তিনটার দিকে তিনি শেরপুরের উদ্দেশ্যে রওনা হন। এই পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম এবং বন বিভাগের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ভারতের চিড়িয়াখানায় থাকা লেমুরটিকে পুনরায় ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘লেমুর আনার ক্ষেত্রে সমস্যা আছে। আবার এটা যে ওখানে চলে গেল কেমনে, এটাও বুঝলাম না।’
বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানিয়ে আবদুল আউয়াল বলেন, ‘এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন (তদন্ত) চলতেছে। আমরা আশা করি, যখন ইনভেস্টিগেশন শেষ হবে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। কারণ, এটা তো দুইটা দেশের ভেতরে ইনভলভ হয়ে গেছে। একটু সময় লাগবে, যখন আমাদের ইনভেস্টিগেশন শেষ হবে, এটা নিয়ে যথাবিহিত ব্যবস্থা নেওয়া হবে।’
পাশাপাশি, দীর্ঘ ৯ বছর ধরে বন্দী থাকা এক জোড়া লেপার্ডের বিষয়ে বন বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এগুলো সবই করার চিন্তাভাবনা আছে। সে জন্যই আমার সাফারি পার্ক পরিদর্শন করছি।’
সাফারি পার্কের জরাজীর্ণ অবকাঠামোর বিষয়ে কথা বলার সময় আবদুল আউয়াল বলেন, ‘আমরা যখন একটা সাফারি পার্ক করছি, আমাদের আইডিয়াটা হলো এটা যেন খুব ভালোভাবে চলে। সেটার জন্য যে সমস্যাগুলো আছে, তা নিয়ে আমরা ঢাকাতে ফেরত গিয়ে মিটিং করব। মিটিং করে যে সমস্যাগুলো সব শুনে এগুলি সমাধানের চেষ্টা করব।’
গাজীপুরের বিভিন্ন বনাঞ্চলে অবাধে বর্জ্য ফেলার সংস্কৃতি বন্ধ করার উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে পরিবেশমন্ত্রী জানান, ‘এটা নিয়ে অলরেডি আমরা চিঠি লিখছি। এটা নিয়ে আমি নিজেই অ্যাডমিনিস্ট্রেটরদের (প্রশাসকদের) সঙ্গে কথা বলছি। পুরো বাংলাদেশে এই মুহূর্তে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হয় নাই।’
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের বর্তমান উদ্যোগগুলো তুলে ধরে আবদুল আউয়াল বলেন, ‘যেমন ঢাকাতে শুরু হচ্ছে, ঢাকাতে আমিনবাজারে অলরেডি (ইতিমধ্যে) ওয়েস্ট টু এনার্জি (বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন) একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে চাইনিজ ইনভেস্টমেন্টে (চীনা বিনিয়োগে)। আমাদের ঢাকা দক্ষিণে ওয়েস্ট টু ভ্যারিয়াস রিসোর্সেস (বর্জ্য থেকে বিভিন্ন সম্পদ উৎপাদন) অলরেডি কাজ আরম্ভ হইছে। এখন আমরা ডিস্ট্রিক্ট, টাউন এবং উপজেলা টাউনগুলোতে আমরা শুরু করব।’