রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে একদল দুর্বৃত্ত। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। নিক্ষেপ করা দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়, তবে অন্যটি বিস্ফোরিত হওয়ার আগেই নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই দুঃসাহসিক ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল নিষ্ক্রিয় ককটেলটি উদ্ধার করে নিরাপদ করে তোলে।

শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান মুক্তকণ্ঠকে জানান, "দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশ পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান।"

পুলিশের কাছে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ককটেল নিক্ষেপের পর ওই দুই মোটরসাইকেল আরোহী আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে পালিয়ে গেছেন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইবনে মিজান আরও জানান, "ঘটনার পরপরই পুলিশের দল মাঠে নামে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।"