গত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে হিন্দু সম্প্রদায়ের যেসব জমি দখল করা হয়েছিল, বিএনপি তা উদ্ধার করে দিয়েছে বলে দাবি করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা-২ আসনের খোলামোড়া ছৈয়ালবাড়ী প্রতিমা বিসর্জনঘাট উদ্বোধন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ এবং কেরানীগঞ্জ উপজেলার ৮৭টি মন্দিরে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
অনুষ্ঠানে আমান উল্লাহ আমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ এই মূলনীতিকে সামনে রেখেই কেরানীগঞ্জের বিএনপি নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। প্রশাসনের সঙ্গে যথাযথ সমন্বয় করে তিন শিফটে পাহারার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। সেই সঙ্গে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
কেরানীগঞ্জ মডেল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিপেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে আমান উল্লাহ আমান আরও বলেন, দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি দল উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জীবনযাপন প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, “এমন সাদামাটা প্রধানমন্ত্রী কি কখনো দেখেছেন? তিনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, হেঁটে হেঁটে অফিস করেন। আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাকে ভোট দিয়েছেন। আমি সেই ভোটের প্রতিদান দেব।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিবাস সরকার, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী এবং সহসাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।