প্রথমবার কারও সঙ্গে পরিচিত হওয়ার মুহূর্তটি সাধারণত সবার মনেই এক ধরণের চাপা উত্তেজনা তৈরি করে। কী পোশাক পরবেন, কথা বলার ধরন কেমন হবে কিংবা সামনের মানুষটি আপনাকে পছন্দ করবেন কি না—এই সব ভাবনা মাথায় ঘুরপাক খায়। এর পাশাপাশি নিজের জীবন নিয়ে নানা প্রশ্নের সম্ভাবনাও তৈরি হয়।

তবে মনে রাখা প্রয়োজন, প্রথম ডেট কোনো চাকরির ইন্টারভিউ বা সাক্ষাৎকার নয়। এখানে নিজের প্রতিটি সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে কাউকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নেই। বরং এটি এমন একটি সময় যখন দুজন মানুষ কথা বলেন, একে অপরকে জানার চেষ্টা করেন এবং দেখেন যে তারা একসঙ্গে সময় কাটাতে কতটা স্বচ্ছন্দ। তাই কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে, যেগুলোর বিস্তারিত ব্যাখ্যা বা কৈফিয়ত প্রথম দেখাতেই দেওয়ার প্রয়োজন পড়ে না।

প্রথম ডেটেই সব বিষয়ে স্বচ্ছন্দ হওয়া জরুরি নয়। হতে পারে আপনি অত্যন্ত ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন না অথবা কোথায় দেখা করবেন সে বিষয়ে আপনার নির্দিষ্ট পছন্দ রয়েছে। এসব ক্ষেত্রে দীর্ঘ কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। কেবল ‘এটা নিয়ে এখন কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছি না’—এই কথাটিই যথেষ্ট।

আপনার ব্যক্তিগত সীমারেখাকে অন্যজনের কাছে গ্রহণযোগ্য করে তুলতে আলাদা করে কোনো যুক্তি দেখানোর প্রয়োজন নেই। বরং প্রথম সাক্ষাতেই সামনের মানুষটি আপনার ‘না’কে কতটা সম্মান করছেন, সেটি লক্ষ্য করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, যেকোনো সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান। আপনার স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়ার জন্য অন্যজনের কারণ জানার প্রয়োজন নেই।

প্রথমবারের দেখাতেই যে নিজের সব সাফল্য কিংবা নিজের সব ঘাটতি প্রকাশ করতে হবে, এমন কোনো কথা নেই। হতে পারে আপনার চাকরিটি এখনো পছন্দমতো হয়নি, আপনি ক্যারিয়ার পরিবর্তনের কথা ভাবছেন অথবা পড়াশোনা শেষ হলেও ভবিষ্যৎ পরিকল্পনা এখনো অস্পষ্ট। এসব নিয়ে মনে হতে পারে যে অন্যজন আপনাকে কীভাবে দেখবেন। কিন্তু মানুষের জীবন সব সময় একই গতিতে চলে না।

কারও ক্যারিয়ার দ্রুত গোছানো হয়ে যায়, কেউবা ব্যক্তিগত জীবনে দ্রুত স্থিতিশীল হন; আবার কেউ দীর্ঘ সময় ধরে নিজের সঠিক জায়গাটি খুঁজে বেড়ান। তাই প্রথম দেখাতেই নিজের বর্তমান অবস্থাকে ন্যায্য প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আপনি এখন জীবনের যে পর্যায়ে আছেন, সেটি কেবল একটি পর্যায় মাত্র। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা থাকতে পারে, আবার কিছু বিষয় অনিশ্চিতও হতে পারে। নিজের এই অনিশ্চয়তাকে লুকিয়ে একটি নিখুঁত জীবন প্রদর্শনের চেয়ে স্বাভাবিক থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সম্পর্কের শুরুতেই মেসেজের উত্তর কত দ্রুত দেওয়া হচ্ছে, তা নিয়ে অনেক সময় এক অদৃশ্য হিসাব শুরু হয়। কয়েক ঘণ্টা উত্তর দিতে দেরি হলে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চাপ তৈরি হয়। অথচ কাজের ব্যস্ততা, পড়াশোনা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা নিজের জন্য কিছুটা সময় রাখা—সবই জীবনের স্বাভাবিক অংশ। অবশ্যই কাউকে ইচ্ছা করে দিনের পর দিন উপেক্ষা করা আর ব্যস্ততার কারণে কয়েক ঘণ্টা পর উত্তর দেওয়া এক বিষয় নয়।

যোগাযোগে আগ্রহ থাকলে তা প্রকাশ করা জরুরি। তবে প্রতিটি দেরির জন্য দীর্ঘ কৈফিয়ত দেওয়ার অভ্যাস সম্পর্কের শুরুতেই অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করতে পারে। একটি সম্পর্কের পরিবেশ এমন হওয়া উচিত, যেখানে মানুষ নিজের কাজ করতে গিয়ে অপরাধবোধে ভুগবেন না। তাই প্রথম ডেটেই বুঝে নেওয়া ভালো যে, সামনের মানুষটি যোগাযোগের ক্ষেত্রে আপনার স্বাভাবিক ছন্দকে সম্মান করেন কি না।

‘আমি একটু বেশি কথা বলি’, ‘আমি আসলে খুব চুপচাপ’, ‘আমি অনেক প্রশ্ন করি, কিছু মনে করবেন না’—প্রথম ডেটে নিজের স্বভাবের জন্য আগেই ক্ষমা চাওয়ার প্রবণতা অনেকের মধ্যেই থাকে। অবশ্যই নিজের আচরণে অন্য কেউ অস্বস্তি বোধ করলে তা বোঝার চেষ্টা করা দরকার। কিন্তু শুধু অন্যজনকে খুশি করার জন্য নিজের স্বাভাবিক ব্যক্তিত্বকে ছোট করে দেখানোর প্রয়োজন নেই।

আপনি কথা বলতে ভালোবাসেন, লাজুক প্রকৃতির, অনেক প্রশ্ন করেন কিংবা নিজের মতামত সরাসরি জানান—এসবই আপনার ব্যক্তিত্বের অংশ। প্রথম ডেটেই নিজেকে পাল্টানোর চেষ্টা করলে পরবর্তীতে সেই কৃত্রিম আচরণ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। বরং প্রথম দেখার মূল উদ্দেশ্যই হওয়া উচিত—দুজন মানুষ নিজেদের স্বাভাবিক অবস্থায় কতটা স্বচ্ছন্দ থাকতে পারেন, তা বোঝা।

প্রথম ডেটেই ‘তুমি এখনো সিঙ্গেল কেন?’ এমন প্রশ্ন আসতে পারে। প্রশ্নটি শুনে অনেকেই নিজের পুরোনো সম্পর্ক, বিচ্ছেদ বা কেন কোনো সম্পর্ক টেকেনি—সবকিছুর বিস্তারিত বলতে শুরু করেন। অথচ একা থাকা এমন কোনো বিষয় নয়, যার সমাধান বা ব্যাখ্যা দিতে হবে। হতে পারে আপনি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন, নিজের মতো থাকতে চেয়েছেন অথবা উপযুক্ত মানুষের সঙ্গে এখনো দেখা হয়নি।

কারণ যা-ই হোক, সেটি কতটা বলবেন তা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। প্রথম দেখাতেই ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস খুলে বলার কোনো বাধ্যবাধকতা নেই। আরেকটি বিষয় মনে রাখা জরুরি যে, কেউ সিঙ্গেল কেন সেই প্রশ্নের উত্তর শুনে তাঁকে বিচার করার প্রবণতা থাকলে সেটিও খেয়াল করা প্রয়োজন। প্রথম ডেট শুধু কাউকে পছন্দ করানোর সুযোগ নয়, বরং দুজনের একে অপরকে জানার সময়। তাই নিজের জীবন, সিদ্ধান্ত বা ব্যক্তিত্বের প্রতিটি দিকের ব্যাখ্যা না দিয়ে কথোপকথনকে স্বাভাবিক হতে দিন। প্রথম দেখা কোনো পরীক্ষা নয়, নিজের মতো থাকার জন্য এখানে কোনো কৈফিয়তেরও প্রয়োজন নেই।

টাইমস অফ ইন্ডিয়া অবলম্বনে হুমায়রা মাহজাবিন