উচ্চশিক্ষার মানোন্নয়ন, উদ্ভাবনী গবেষণা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ গুরুত্ব দিয়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) তৃতীয় আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের যাত্রা শুরু হয়েছে।
‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন কনটেম্পোরারি গ্লোবাল পারস্পেক্টিভস’ শীর্ষক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজন করা হয়। এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ এবং বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মোট ১১৭টি গবেষণাপত্র উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিআইইউর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্য জহির আহমেদ রতন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির।
সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক ড. গথেশ চন্দ্র রায়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য শিক্ষা, গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগের মধ্যে সমন্বয় সাধন করা অত্যন্ত জরুরি।
পিসিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এই আয়োজন প্রসঙ্গে জানান, এ আয়োজনের মাধ্যমে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী।
সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার বুদি লুহুর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. নি গুপ্তি আয়ু কেতুত কুর্নিয়াসারি, মালদ্বীপের সাবেক শিক্ষামন্ত্রী ড. আবদুল্লাহ রশীদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তাদের উপস্থাপিত মূল প্রবন্ধগুলোতে উচ্চশিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সৃজনশীলতা এবং টেকসই উন্নয়নের বহুমুখী দিক আলোচিত হয়।