সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর আইনজীবী ও বোন নাজনীন নাহার। তিনি অভিযোগ করেন, জিয়াউল আহসানকে একটি গাড়িতে করে এককভাবে আনা-নেওয়া করা হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর শুনানিতে এই বিষয়টি উত্থাপন করেন আইনজীবী নাজনীন নাহার। শুনানির সময় তিনি বলেন, “প্রিজন ভ্যানে জিয়াউলকে একা আনা-নেওয়া করা বিপজ্জনক, উদ্বেগজনক বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ততটা ভালো নয়। যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এককভাবে না এনে, জিয়াউল আহসানকে যেন অন্য আসামিদের সঙ্গে আনা হয়।”

আসামির নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তাকে অন্য আসামিদের সাথে নিয়ে আসার অনুরোধ জানিয়ে ট্রাইব্যুনালে এই আবেদন পেশ করেন নাজনীন নাহার। তবে শুনানিতে প্রসিকিউশন পক্ষ এই আবেদনের তীব্র বিরোধিতা করে।