নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং মিলে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়াব এলাকার প্রিমিয়ার স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন আবির, নাবির, নাজমুল ও রকিব। ঘটনার পর তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
শ্রমিকেরা জানান, বুধবার রাতে মিলের ভেতরে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রাথমিকভাবে ভাট্টি থেকে কিছু নির্গত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।