বরিশালের কেডিসি এলাকার মাদক মামলার আসামিদের একটি দল বিপুল অর্থ ব্যয় করে পরিবারসহ কক্সবাজার ভ্রমণে গিয়েছিল। পাঁচ দিন সেখানে অবস্থান শেষে বরিশালে ফেরার পথে বাসে তল্লাশি চালিয়ে ওই দলের পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তীতে তাদের পূর্বের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আটক পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়। শুনানির পর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরিত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নগরীর কেডিসি বস্তির বাসিন্দা নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), একই এলাকার মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) এবং আসমা বেগম (৩৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান থেকে বাঁচতে কেডিসি এলাকার মাদক মামলার আসামিদের এই দলটি প্রায় দুই লাখ টাকা খরচ করে ইউরো পরিবহনের একটি স্লিপার বাস ভাড়া করে পরিবারসহ কক্সবাজারে যায়। সেখানে পাঁচ দিন অবস্থান করার পর সোমবার দুপুরে তারা পুনরায় বরিশালের উদ্দেশে রওনা দেয়।
ফেরার পথে বরিশাল বিমানবন্দর এলাকায় ডিবি পুলিশ বাসটি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায়। তল্লাশির সময় বাসে থাকা ওই পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে থাকা আগের মাদক মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক তানজিল আহমেদ জানান, “নিলুফা বেগমের বিরুদ্ধে নয়টি, রাসেল হাওলাদারের বিরুদ্ধে দুটি, মো. সোহেনের বিরুদ্ধে চারটি, মিঠু হাওলাদারের বিরুদ্ধে দুটি এবং আসমা বেগমের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।”