চট্টগ্রামে গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৮৭ জনের বিরুদ্ধে দায়ের করা একটি বহুল আলোচিত মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কফিল উদ্দিন। বাদী নিজেই যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এই বিষয়টি সামনে আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল।
গত ১৭ সেপ্টেম্বর বাদী কফিল উদ্দিন মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন দাখিল করেন। পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত উক্ত আবেদনটি মঞ্জুর করেন এবং মামলার যাবতীয় কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আদালতের জিআরও শাখায় কর্মরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
তিনি জানান, মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বাদীর পক্ষ থেকে মামলা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার পর ২৯ সেপ্টেম্বর আদালত তা মঞ্জুর করেন এবং মামলার কার্যক্রম বন্ধের আদেশ দেন।
আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে এক হামলায় আহত হওয়ার অভিযোগে কফিল উদ্দিন গত ১৮ নভেম্বর এই মামলাটি দায়ের করেছিলেন। আদালত তার আবেদন গ্রহণ করে পিবিআই-কে ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার এবং সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামসহ ২৬ জন পুলিশ কর্মকর্তাকে।
পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরও এই মামলায় আসামি করা হয়েছিল। সব মিলিয়ে মোট আসামির সংখ্যা ছিল ১৮৭ জন।