বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের নিষ্পত্তির বিষয়ে আলোচনার সময় এক পক্ষের হয়ে তদবির করতে গিয়ে আবু বক্কর সিদ্দিক (৩৮) নামের উপজেলা যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে থানার গোলঘর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর ওইদিন সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক ২০২৫ সালে দায়ের হওয়া একটি মামলার তালিকাভুক্ত আসামি। গত জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে ওই মামলাটি করা হয়েছিল। বুধবার দুপুরে কাহালু উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে থানার গোলঘরে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। এই আলোচনার সময় আবু বক্কর সিদ্দিক সেখানে উপস্থিত হয়ে একটি পক্ষের হয়ে কথা বলতে এবং তদবির করতে থাকেন।
আলোচনার একপর্যায়ে অপর পক্ষের লোকজন সন্দেহ পোষণ করে পুলিশকে অবহিত করেন যে, আবু বক্কর সিদ্দিক কাহালু উপজেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এরপর পুলিশ তার পরিচয় এবং মামলার তথ্য যাচাই করে। মামলার তথ্য নিশ্চিত হওয়ার পরপরই তাকে থানার গোলঘর থেকেই গ্রেপ্তার করা হয়।
ঘটনা প্রসঙ্গে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের হওয়া একটি মামলা রয়েছে। খবর পাওয়ার পর বিষয়টি যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।”