দেশের উপজেলা পরিষদগুলোতে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ‘পরিদর্শন কক্ষ’ সংরক্ষণ এবং এর যথাযথ ব্যবস্থাপনার তাগিদ দিয়েছে সরকার। পাশাপাশি উপজেলা পরিষদের মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে সভার কার্যবিবরণী নিয়মিত স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আজ বুধবার এই বিষয়ে দুটি পৃথক নির্দেশনা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশ্য করে পাঠানো এই চিঠি দুটিতে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেলের স্বাক্ষর রয়েছে।

নির্দেশনা সম্বলিত একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (২০০৯ ও ২০২৬ সালে সংশোধিত)–এর ২৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সেই প্রেক্ষিতে উপজেলা পরিষদকে অবশ্যই সংসদ সদস্যের পরামর্শ গ্রহণ করতে হবে।

চিঠিতে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, সংসদ সদস্যদের উপজেলা পর্যায়ে দাপ্তরিক কাজ পরিচালনা এবং তাৎক্ষণিক সুবিধার কথা মাথায় রেখে উপজেলা পরিষদে তাঁদের অনুকূলে ‘পরিদর্শন কক্ষ’ নির্ধারণ ও বরাদ্দ করা হয়েছে। তাই এই কক্ষগুলো সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত রাখা এবং সেগুলোর যথাযথ ব্যবস্থাপনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

অন্যদিকে, অপর একটি চিঠিতে উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নিয়মিতভাবে সরকারের কাছে না পৌঁছানোর বিষয়টি গুরুত্বের সাথে উঠে এসেছে। স্থানীয় সরকার বিভাগ মনে করিয়ে দিয়েছে যে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮–এর ২৭(৪) ধারা অনুযায়ী পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকার এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর আইনি বিধান রয়েছে।

তবে স্থানীয় সরকার বিভাগের পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে নিয়মিতভাবে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানো হচ্ছে না। এর ফলে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণে জটিলতা তৈরি হচ্ছে। চিঠিতে উদাহরণ হিসেবে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন এবং ডেঙ্গু প্রতিরোধসহ পরিষদের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে।

এই সমস্যা সমাধানে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের সভার কার্যবিবরণীর সফট কপি স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইলে এবং হার্ডকপি ডাকযোগে পাঠাতে হবে।

সংশ্লিষ্ট এই চিঠি দুটির অনুলিপি সব সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রয়োজনীয় কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।