নৈতিকতার প্রাথমিক দাবি হলো অন্যায় থেকে বিরত থাকা। মানুষের প্রতি জুলুম না করা, কারও অধিকার হরণ না করা, প্রতারণা না করা এবং ক্ষতি না করার মধ্যেই নৈতিকতার অপরিহার্য ভিত্তি নিহিত। তবে প্রশ্ন জাগে, নৈতিক জীবন কি কেবল ক্ষতি না করার মধ্যেই পূর্ণতা পায়?

ধরা যাক, একজন মানুষ কাউকে আঘাত করছেন না, কিন্তু তার প্রতি কোনো দায়িত্বও পালন করছেন না; তবে কি তার নৈতিকতা পূর্ণতা পেল? কিংবা একটি সমাজ নদীকে দূষিত করছে না, কিন্তু নদীর মৃতপ্রায় প্রবাহকে পুনরুজ্জীবিত করার কোনো প্রচেষ্টাও চালাচ্ছে না; তবে কি তার পরিবেশনৈতিক জিম্মাদারি সম্পন্ন হলো?

ফিতরাতি বাস্তুতন্ত্রের উত্তর হলো—ন্যায় প্রয়োজনীয়, তবে ন্যায়ই নৈতিকতার শেষ সীমা নয়। নৈতিকতার একটি উচ্চতর মাত্রা রয়েছে, যেখানে মানুষ কেবল ক্ষতি থেকে বিরত থাকে না, বরং অস্তিত্বের সুস্থতা, সৌন্দর্য ও বিকাশের জন্য সক্রিয় জিম্মাদারি গ্রহণ করে। এই উচ্চতর নৈতিকতার নামই হলো ইহসান।

ইহসান মানে হলো উৎকর্ষ, সৌন্দর্য, কল্যাণ সাধন এবং সর্বোত্তম তরিকায় দায়িত্ব পালন। এটি এমন এক নৈতিক সংবেদনশীলতা, যা আইনগত ন্যূনতমতার সীমা অতিক্রম করে। এই দর্শনে বলা হয়, “কোনো বনকে বাহ্যিক সৌন্দর্যের জন্য একজাতীয় গাছে পূর্ণ করে ফেলায় নির্মাণ নেই। কোনো জলাভূমিকে কৃত্রিম বিনোদন কেন্দ্রে রূপান্তর করার নাম পুনরুদ্ধার নয়।”

এখানে অন্যায় করা বা না করা একমাত্র বিচারক নয়। বরং মূল প্রশ্নটি হলো—আমি কি আরও সুন্দর, আরও ন্যায়সংগত এবং আরও কল্যাণকরভাবে কাজ করতে পারি?

প্রকৃতির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইহসানের তাৎপর্য অত্যন্ত গভীর। একটি নদীকে দূষিত না করা হলো ন্যূনতম দায়িত্ব। কিন্তু নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, তার তীর পুনরুজ্জীবিত করা, জলজ প্রাণের আবাস পুনর্গঠন করা এবং নদীর সঙ্গে মানুষের সাংস্কৃতিক সম্পর্ক পুনঃস্থাপন করা হলো ইহসানের বহিঃপ্রকাশ।

একটি বন ধ্বংস না করা প্রয়োজনীয় সংযম; কিন্তু ক্ষতিগ্রস্ত বনকে পুনরুদ্ধার করা, স্থানীয় প্রজাতি ফিরিয়ে আনা এবং বননির্ভর জীবনের সঙ্গে ন্যায়সংগত সম্পর্ক গড়ে তোলা হলো উৎকর্ষের আখলাক। ইহসান তাই একদিকে সংরক্ষণ এবং অন্যদিকে সক্রিয় পুনর্গঠন। এই পুনর্গঠনে প্রকৃতির নিজস্ব স্বভাবধর্মিতা, পুনরুৎপাদনশীল ছন্দ ও জৈবিক স্বায়ত্তশাসনকে সম্মান করতে হবে। কোনো নদীকে কেবল মানুষের সুবিধামতো সোজা করে দেওয়ার নাম গঠন নয়।

পুনরায় উল্লেখ্য যে, “কোনো বনকে বাহ্যিক সৌন্দর্যের জন্য একজাতীয় গাছে পূর্ণ করে ফেলায় নির্মাণ নেই। কোনো জলাভূমিকে কৃত্রিম বিনোদন কেন্দ্রে রূপান্তর করার নাম পুনরুদ্ধার নয়।” ইহসানের প্রকৃত কাজ হলো প্রকৃতির নিজস্ব জীবনপ্রবাহকে পুনরায় সক্রিয় হতে সাহায্য করা।

এই কারণে ইহসানের সঙ্গে সৌন্দর্য অবিচ্ছেদ্যভাবে যুক্ত। ফিতরাতি বাস্তুতন্ত্রে সৌন্দর্য কোনো অতিরিক্ত অলংকার নয় এবং পরিবেশের উপযোগিতা নিশ্চিত হওয়ার পর যুক্ত করা কোনো বিষয়ও নয়। সৌন্দর্য এখানে অস্তিত্বের সুস্থতা, সামঞ্জস্য ও প্রাণশক্তির একটি প্রকাশ। একটি সুস্থ বন সুন্দর, কারণ তার ভেতরে জীবনের বহুমাত্রিক সম্পর্ক সক্রিয় থাকে। একটি স্বচ্ছ নদী সুন্দর, কারণ তার প্রবাহ, জলজ জীবন ও তীরবর্তী পরিবেশ একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটি জীবন্ত জলাভূমির সৌন্দর্য তার বাহ্যিক দৃশ্যের পাশাপাশি জলধারণ, পুষ্টি-আবর্তন ও জীববৈচিত্র্য রক্ষার সক্ষমতার মধ্যেও নিহিত।

অন্যদিকে, দূষিত নদী বিপজ্জনক এবং তা ফিতরাতচ্যুত। বিষাক্ত জল, মৃতপ্রায় জীববৈচিত্র্য, দখল করা তীর এবং বাধাগ্রস্ত প্রবাহ প্রকৃতির অন্তর্নিহিত সামঞ্জস্যকে ক্ষতিগ্রস্ত করে। এর কদর্যতা মানুষের নান্দনিক অনুভূতিতে আঘাত করার পাশাপাশি একটি গভীর অস্তিত্বগত অসুস্থতার লক্ষণ হয়ে ওঠে।

ব্যক্তিগত নৈতিকতা সব ক্ষেত্রে যথেষ্ট হয় না। একজন ব্যক্তি হয়তো নদীতে বর্জ্য ফেললেন না, কিন্তু একটি শিল্পপ্রতিষ্ঠান যদি নদীর ধারণক্ষমতার বাইরে বর্জ্য ফেলে, তবে সেখানে ব্যক্তিগত নৈতিকতার চেয়ে প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা বেশি জরুরি।

তবে প্রকৃতির সৌন্দর্যকে মানুষের রুচির সার্টিফিকেটের মুহতাজ হলে চলবে না। একটি জলাভূমি মানুষের কাছে অপরিচ্ছন্ন মনে হতে পারে, অথচ তা অসংখ্য প্রাণীর আবাস এবং জলীয় ভারসাম্যের অপরিহার্য অংশ। একটি বন মানুষের পরিকল্পিত উদ্যানের মতো সুশৃঙ্খল না হলেও তার নিজস্ব জৈবিক বিন্যাসে গভীর সৌন্দর্য রয়েছে। ফিতরাতি নন্দনবোধ প্রকৃতির সৌন্দর্যকে মানুষের আরোপিত শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ করে না; বরং সে প্রকৃতির নিজস্ব জীবনপ্রবাহ, বৈচিত্র্য ও স্বাভাবিকতার মধ্যে সৌন্দর্য উপলব্ধি করে।

এই নন্দনবোধ মানুষের নৈতিক আচরণকে প্রভাবিত করে। যে ব্যক্তি নদীকে শুধু জলসম্পদ হিসেবে দেখে, সে নদীর প্রবাহ বন্ধ করে অন্যত্র পানি সরিয়ে নিতে পারে। কিন্তু যে ব্যক্তি নদীকে একটি জীবন্ত অস্তিত্বব্যবস্থার অংশ হিসেবে উপলব্ধি করে, সে নদীর প্রবাহ, তীর, জলজ প্রাণ এবং নদীনির্ভর মানুষের জীবনকে একই নৈতিক পরিসরে বিবেচনা করবে। তখন সৌন্দর্য আর ভোগের বিষয় থাকে না, বরং তা হয়ে ওঠে দায়িত্বের আহ্বান।

ইহসান মানুষের নৈতিকতাকে ব্যক্তিগত আচরণের গণ্ডি থেকে সামাজিক ও সভ্যতাগত পর্যায়ে উন্নীত করে। কারণ, পরিবেশগত ক্ষতি যেমন ব্যক্তির অসচেতনতার ফল, তেমনি তা অনেক সময় রাষ্ট্রীয় নীতি, অর্থনৈতিক কাঠামো, শিল্পব্যবস্থা, নগর–পরিকল্পনা এবং ভোগসংস্কৃতির সঙ্গে যুক্ত। একজন ব্যক্তি হয়তো নদীতে বর্জ্য ফেললেন না, কিন্তু একটি শিল্পপ্রতিষ্ঠান যদি নদীর ধারণক্ষমতার বাইরে বর্জ্য ফেলে, সেখানে ব্যক্তিগত নৈতিকতা যথেষ্ট নয়। তাই ইহসান দাবি করে ন্যায়সংগত প্রতিষ্ঠান, জবাবদিহিমূলক অর্থনীতি এবং পুনরুৎপাদনশীল উন্নয়নব্যবস্থা।

এখানে ইহসানের সঙ্গে আমানত ও মিজানের সমন্বয় রয়েছে, যা একটি পূর্ণাঙ্গ নৈতিক ক্রম গঠন করে। আমানত মানুষকে বোঝায় যে পৃথিবী তার দায়িত্বে অর্পিত। মিজান তাকে শেখায় সেই দায়িত্ব পালনে সীমা ও ভারসাম্য রক্ষা করতে হবে। আর ইহসান তাকে বলে, কেবল সীমা রক্ষা করে থেমে যাওয়া নয়, বরং সৃষ্টির সুস্থতা ও সৌন্দর্যের বিকাশে সক্রিয় ভূমিকা নিতে হবে।

আমানত ছাড়া ইহসান দায়িত্বহীন আবেগে পরিণত হতে পারে, মিজান ছাড়া ইহসান সীমাহীন হস্তক্ষেপে রূপ নিতে পারে এবং ইহসান ছাড়া আমানত ও মিজান কেবল সংরক্ষণমূলক বিধিনিষেধে সীমাবদ্ধ হয়ে যেতে পারে। এই তিন নীতির সমন্বয়েই নৈতিকতা দায়িত্ব, সীমা ও উৎকর্ষের পূর্ণতা হাসিল করে।

এই সমন্বিত নৈতিকতা উন্নয়নের ধারণাকেও নতুনভাবে বিবেচনা করে। উন্নয়ন মানে কেবল উৎপাদন বৃদ্ধি, অবকাঠামো সম্প্রসারণ বা ভোগের পরিমাণ বৃদ্ধি নয়। উন্নয়ন হলো এমন এক সভ্যতাগত প্রক্রিয়া, যা মানুষের প্রয়োজন পূরণ করে, প্রকৃতির পুনরুৎপাদনশীল ক্ষমতাকে সম্মান করে এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের অধিকারকে সুরক্ষিত রাখে। উন্নয়নের সাফল্যের পরিমাপ এখন ভিন্ন; কেবল কত কিছু নির্মিত হয়েছে তা দিয়ে নয়, বরং কত কিছু জীবন্ত রাখা হয়েছে, কত সম্পর্ক পুনরুদ্ধার করা হয়েছে এবং কত ক্ষতি এড়ানো হয়েছে তা-ও উন্নয়নের জরুরি সূচক।

ইহসানের নৈতিকতা ভোগকে সম্পূর্ণ বর্জনের কথা বলে না, বরং ভোগকে জীবনের বৃহত্তর ভারসাম্যের অধীনে আনতে বলে। মানুষ খাদ্য গ্রহণ করবে, বাসস্থান নির্মাণ করবে, শক্তি ব্যবহার করবে এবং প্রযুক্তি প্রয়োগ করবে। তবে মনে রাখতে হবে, “প্রকৃতি জয় প্রকৃতিতে মানুষের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে না। মানুষের শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয় তখন, যখন তার স্পর্শে জীবন জেগে ওঠে, বেঁচে থাকে। পৃথিবী আরও জীবন্ত হয়।”

মানুষের ব্যবহার বা এস্তেমাল হবে এমন, যাতে জীবনের অন্য রূপগুলো নিশ্চিহ্ন না হয় এবং প্রকৃতির নিজস্ব পুনর্গঠনশীলতা ক্ষয়প্রাপ্ত না হয়। এখানে সংযম কেবল আত্মনিয়ন্ত্রণ নয়, বরং সৃষ্টির প্রতি সৌন্দর্যময় দায়িত্ববোধ।

ফিতরাতি বাস্তুতন্ত্রের নৈতিক সভ্যতা পরিবেশ রক্ষার সাধারণ কর্মসূচির সীমা ছাড়িয়ে মানুষের আত্মপরিচয়, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও নন্দনবোধের পুনর্গঠন করতে চায়। কারণ, যে সভ্যতা নদীকে শুধু সম্পদ হিসেবে দেখে, সে নদীকে ব্যবহার করবে। যে সভ্যতা নদীকে আমানত হিসেবে দেখে, সে নদীর প্রতি দায়িত্বশীল হবে। আর যে সভ্যতা নদীর প্রতি ইহসানের নৈতিকতা গ্রহণ করে, সে নদীর জীবন, সৌন্দর্য ও ভবিষ্যৎ প্রবাহকে সমৃদ্ধ করার চেষ্টা করবে।

এখানেই নিহিত আছে ফিতরাতি বাস্তুতন্ত্রের নৈতিক দর্শনের চূড়ান্ত তাৎপর্য। প্রকৃতির প্রতি নৈতিকতাকে কোনো বিচ্ছিন্ন নীতিশাস্ত্র হিসেবে দেখলে চলবে না। কারণ, এটিই মানব নৈতিকতার কেন্দ্রীয় পরীক্ষা। মানুষ যখন সৃষ্টির ভারসাম্য রক্ষা করে, তখন সে নিজের নৈতিক সত্তাকেও সংরক্ষণ করে। আর যখন সে সেই ভারসাম্য ভঙ্গ করে, তখন সে নিজের নৈতিক ভিত্তিকেও আঘাত করে। মনে রাখা প্রয়োজন, “প্রকৃতি জয় প্রকৃতিতে মানুষের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে না। মানুষের শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয় তখন, যখন তার স্পর্শে জীবন জেগে ওঠে, বেঁচে থাকে। পৃথিবী আরও জীবন্ত হয়।”