ভারতীয় টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ বিজয়েন্দ্র কুমেরিয়া। ‘শাস্ত্রী সিস্টার্স’, ‘উড়ান’, ‘নাগিন ৪’ এবং ‘তেরি মেরি ডোরিয়াঁ’-র মতো বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব একটা কথা বলেন না বিজয়েন্দ্র। তবে এবার স্ত্রী প্রীতি ভাটিয়ার সঙ্গে তাঁর বিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন এই অভিনেতা।
সম্প্রতি টেলি টক ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজয়েন্দ্র জানান, ২০২২ সাল থেকেই তাঁরা একে অপরের থেকে আলাদা থাকছেন। তবে আইনি বা আনুষ্ঠানিক বিচ্ছেদের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে ২০২৫ সালে। ২০১২ সালের জানুয়ারি মাসে প্রীতিকে বিয়ে করেছিলেন বিজয়েন্দ্র। ২০১৬ সালের অক্টোবরে তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান কিমায়া।
বিজয়েন্দ্রর ভাষ্যমতে, বিচ্ছেদের এই কঠিন সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। দীর্ঘ সময় ধরে তাঁদের মধ্যে নানা মতপার্থক্য বিদ্যমান ছিল এবং একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছিল। সম্পর্কটিকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন তাঁরা, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।
এই বিষয়ে অভিনেতা বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত এক রাতে নেওয়া হয় না। আমাদের মধ্যে অনেক মতপার্থক্য ও মানিয়ে নেওয়ার সমস্যা তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে সেগুলো বেড়েছে। সমস্যা সমাধানের চেষ্টা আমরা করিনি, এমন নয়। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটি আর কাজ করেনি। ২০২২ সালে আমরা আলাদা হয়ে যাই। এটি ছিল দুজনের সম্মতিতে নেওয়া সিদ্ধান্ত। ২০২৫ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদের রায় পাই।’
এতদিন এই বিষয়টি গোপন রাখার কারণ জানতে চাওয়া হলে বিজয়েন্দ্র জানান, তিনি তাঁর ব্যক্তিগত জীবনকে পর্দার আড়ালে রাখতেই পছন্দ করেন। এছাড়া যা ঘটেছে, তা মানসিকভাবে মেনে নিতেও তাঁর বেশ কিছুটা সময় লেগেছে, তাই তিনি প্রকাশ্যে কিছু বলেননি। তবে দীর্ঘ সময় পর তিনি অনুভব করেন যে, বিষয়টি অন্যের অনুমানের ওপর ছেড়ে না দিয়ে নিজেই সত্যটা জানানো প্রয়োজন।
কন্যা কিমায়ার কথা উল্লেখ করে বিজয়েন্দ্র বলেন, মেয়ের কথা ভেবেই তাঁরা দীর্ঘ সময় ধরে সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তবে পরবর্তীতে তাঁরা উপলব্ধি করেন যে, আলাদা থাকাই সবার জন্য শ্রেয়।
বিজয়েন্দ্র বলেন, ‘আমার মনে হয়, কিমায়ার জন্যও আলাদা আলাদাভাবে দুজন বাবা-মায়ের ভালোবাসা পাওয়া ভালো। অসুখী পরিবেশে বড় হওয়ার চেয়ে এটা তার জন্য ভালো। সব বাবা-মায়ের মতো আমরাও তার জন্য সবচেয়ে ভালোটা চাই। সেটাই আমরা করছি।’
বিচ্ছেদের পর প্রীতি ও বিজয়েন্দ্র দুজনেই মিলে তাঁদের মেয়ে কিমায়াকে বড় করছেন। বর্তমানে বিজয়েন্দ্র ‘জুহি মুই’ ধারাবাহিকে অভিনয় করছেন, যেখানে তাঁর বিপরীতে দেখা যাচ্ছে ইশা সিংকে।