একটি নির্বাচিত সরকারকে বিভিন্নভাবে সংকটে ফেলা এবং দেশের সামগ্রিক স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে পতিত দোসররা নানা ধরনের অপকৌশল অবলম্বন করছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব গোষ্ঠী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়ছে উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানান।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে রিজভী বলেন, “ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য বাসাবাড়ির আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে, যাতে ডেঙ্গু বাসা বাঁধতে না পারে।”
তিনি আরও জানান যে, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ জনগণকে তাদের বাসাবাড়ির আশপাশে জমে থাকা পচা পানি দ্রুত পরিষ্কার করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া হলেও বর্তমানে তা সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়েছে।
সরকারের অঙ্গীকার সম্পর্কে তিনি আরও বলেন, “তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।”
বক্তব্যের এক পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বিস্ময় প্রকাশ করে জানতে চান, পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে।