সকালে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হারমানপ্রীত কৌর। আর সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আজ রাতে ভারতীয় নারী ক্রিকেট দলের সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে স্মৃতি মান্ধানাকে নিযুক্ত করা হয়েছে। ২০১৮ সাল থেকে দীর্ঘ সময় ধরে ভারতকে নিয়মিত নেতৃত্ব দিয়ে এসেছেন হারমানপ্রীত। এই দীর্ঘ পথচলায় অধিকাংশ সময় তাঁর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন মান্ধানা।

অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মান্ধানার বেশ অভিজ্ঞতা রয়েছে। এর আগে ভারতকে ‘ভারপ্রাপ্ত দায়িত্বে’ চারটি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। শুধু আন্তর্জাতিক নয়, ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্র এবং উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।

নতুন অধিনায়ক হিসেবে মান্ধানার যাত্রা শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে। আগামী ১৬ অক্টোবর রায়পুরে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অধিনায়কত্বের এই সুযোগ পাওয়াকে ‘বিশেষ সম্মানের’ বলে উল্লেখ করেছেন মান্ধানা। দায়িত্ব গ্রহণের আগে তিনি বিদায়ী অধিনায়ক হারমানপ্রীতের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।

বিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্মৃতি মান্ধানা বলেন, ‘হারমানপ্রীতের অবদান এবং এত বছর অধিনায়ক হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন, সেটিও আমি স্বীকার করতে চাই। তিনি দারুণ নিষ্ঠার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের পথচলার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।’

নিজের নতুন দায়িত্ব নিয়ে স্মৃতি আরও যোগ করেন, ‘এই দায়িত্বের সঙ্গে যে বড় দায়িত্বও আসে, সেটা আমি বুঝতে পারছি। দলের সঙ্গে কাজ করতে, পথ চলতে চলতে শিখতে ও ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি।’

উল্লেখ্য, সোমবার গুয়াহাটিতে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভার পর মান্ধানাকে অধিনায়ক করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কৌর এবং প্রধান কোচ অমল মজুমদার উপস্থিত ছিলেন।

ভারতের সব সংস্করণের সেরা ব্যাটার হিসেবে পরিচিত মান্ধানা বেশ কিছুদিন ধরেই অধিনায়কত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন। চলতি বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দ্বিতীয় ডব্লিউপিএল শিরোপা জেতানোর ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনন্য; এমনকি ফাইনালেও দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি।

রেকর্ডের কথা বললে, সেপ্টেম্বরে মিতালি রাজকে ছাড়িয়ে সব সংস্করণ মিলিয়ে নারী আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকেরত হয়েছেন মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ১৮টি, যা নারী ক্রিকেটে সর্বোচ্চ। এছাড়া তিনিই প্রথম ভারতীয় নারী ব্যাটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন।